লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে গুঞ্জন
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:২৯
নড়াইলের লোহাগড়া সদরের পোদ্দারপাড়ার তাপতী রানি কুন্ডু নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। তাপতী রানীকে হত্যা করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা গেছে, প্রায় ২২ বছর পূর্বে মাগুরার শালিখা উপজেলার সরুশুনা গ্রামের জীবন কৃষ্ণ কুন্ডুর মেয়ে তাপতী রানী কুন্ডুর সাথে লোহাগড়ার পোদ্দারপাড়ার জয়দেব কুন্ডুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর কলহ-বিবাদ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়। সে স্বামীর নির্যাতন সইতে না পেরে পিতার বাড়িতে ১২ বছর কাটিয়ে গত ৪ এপ্রিল স্বামীর বাড়ি ফিরে আসে। স্বামীর বাড়িতে একাকীত্ব জীবন কাটালেও পারিবারিক কলহ তাঁর পিছ ছাড়েনি।
গত রবিবার রাতে স্বামী জয়দেবের সাথে কথা কাটাকাটি হয়। পরদিন সকালে তাপতীর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে জয়দেবের ভাই বাসুদেব ঘরের ভিতর যেয়ে তাপতীকে ঘরের আঁড়ার সাথে গলায় প্যাঁচানো অবস্থায় হাঁঁটু গেড়ে বসে থাকতে দেখে থানায় খবর দেয়।