মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজে ক্ষুব্ধ সংসদীয় কমিটি
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৪৬
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পগুলোর কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করা ও বরাদ্দকৃত টাকা খরচ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল আকবরের সভাপতিত্বে বৈঠকে সদস্য হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জিনাতুন নেসা তালুকদার, রেবেকা মমিন, সুলতানা তরুণ এবং আসমা জেরীন ঝুমু অংশ নেন। জাতীয় সংসদের অতিরিক্ত সচিব (আইপিএ) ও আইপিডি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক প্রণব চক্রবর্তী, আইপিডি প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডোনা স্মিথ, পরামর্শক ড. জায়েদ বখত, ড. মুস্তফা কে মুজেরি আলোচনায় অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গত অর্থবছরের বাজেট মূল্যায়ন করা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় গত অর্থবছরের (২০১২-২০১৩) সংশোধিত উন্নয়ন কর্মসূচিতে ২১টি প্রকল্পের (১৫টি বিনিয়োগ ও ৬টি কারিগরি সহায়তা) অনুকূলে মোট ২৬৯ কোটি ৬ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু বরাদ্দের সব টাকা খরচ করা যায়নি। এখন পর্যন্ত মোট বরাদ্দের ৭০ দশমিক ৪৬ শতাংশ ব্যয় হয়েছে। কমিটি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছে, বরাদ্দকৃত টাকা অর্থবছরের শেষ পর্যায়ে এসে খরচ করা হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। এখন থেকে অর্থবছরের প্রথম পর্যায়ে বাজেটের অধিকাংশ অর্থ ব্যয় করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।