ছয় প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৪৭
পরিবেশ দূষণ ও ছাড়পত্র নবায়ন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। ত্রুটিপূর্ণ ইটিপি (তরল বর্জ্য শোধনাগার) চালিয়ে পরিবেশ দূষণের দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ার স্টেলেন্ট ওয়াশিং লিমিটেডকে ২ লাখ ৫০ হাজার, সাভারের গণকবাড়ি ডিইপিজেডের কুইন সাউথ টেক্সটাইল মিলকে ৪ লাখ ৯১ হাজার, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রেখে বহুতল ভবন নির্মাণের জন্য রাজধানীর ধানমন্ডির র্যাংগস নাসিম স্কয়ারকে ৪ লাখ টাকা ও ইস্টার্ন হাউজিং লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া হোটেলের খাবার পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর কলিফর্ম জীবাণু পাওয়ায় রাজধানীর শ্যামলীর রিংরোডের কৃষ্ণচূড়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার ও মোহাম্মদপুরের শওকত তেহারী ঘর এন্ড ক্যাটারিং সার্ভিস নামে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ আলমগীর অলিগলিতে গড়ে উঠা অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার হোটেলে খাদ্য গ্রহণ ও নোংরা খোলা পানি খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন।