দশ মাসে আরএডিপি বাস্তবায়ন ৫৪ শতাংশ

চলতি অর্থ বছরের (২০১২-২০১৩) দশ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) মাত্র ৫৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিলো ৫৫ শতাংশ। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, ৫২ হাজার ৩৬৬ কোটি টাকার সংশোধিত এডিপি’র মধ্যে দশ মাসে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার ৯৭৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২০ হাজার ৭৬৪ কোটি টাকা (৫৪%) এবং প্রকল্প সহায়তার ১০ হাজার ২১০ কোটি টাকা (৫৫%) ব্যয় হয়েছে। ২০০৯-১০ ও ২০১০-১১ সালেও বাস্তবায়ন হার ছিল যথাক্রমে ৫৯ ও ৫৮ শতাংশ। সে হিসেবে এডিপি বাস্তবায়নের হার কমেছে। বরাদ্দের শীর্ষে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে ব্যয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সড়ক বিভাগ। তাদের আরএডিপি বাস্তবায়ন হার ৬৭ শতাংশ। এর পরেই রয়েছে স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুত্ বিভাগ। এ দুই বিভাগের বাস্তবায়ন হার ৬৬ শতাংশ। রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার মাত্র ৪২ শতাংশ। পানি সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়ন ৫৯ শতাংশ, শিল্প ৪১ শতাংশ, শিক্ষা ৬৪ শতাংশ। অর্থ বছরের শুরুতে মূল এডিপি’র আকার ছিল ৫৫ হাজার কোটি টাকা। পরবর্তীতে তা ৫২ হাজার ৩৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়। আরএডিপিতে স্থানীয় মুদ্রা ৩৩ হাজার ৮৬৬ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা ১৮ হাজার ৫শ’ কোটি টাকা।