পনের কেজি সীসাসহ গ্রেফতার চার

রাজধানীর গুলশানে মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ১৫ কেজি সীসা, ৩০টি হুক্কা, বিদেশি মদ ও চার পিস ইয়াবাসহ চার রেস্টুরেন্ট মালিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরা হলেন জাফর ইকবাল, জিয়াউর রহমান, কাওছার আহমেদ তাহের, জাকির হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান বিভাগের পরিদর্শক কামরুল ইসলাম জানান, গুলশান ২ নম্বরের ক্যাফে অ্যারাবিয়া রেস্টুরেন্টে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০ কেজি সীসা, ২২টি হুক্কাসহ রেস্টুরেন্ট মালিক কাওছার আহমেদ তাহের ও জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় রেস্টুরেন্টে ৩০ জন তরুণ-তরুণীকে ক্ষতিকারক সীসা পানরত অবস্থায় পাওয়া যায়। পরে বনানীর ৭ নম্বর সড়কের মিলাউন্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ কেজি সীসা, ৮টি হুক্কা, চার পিস ইয়াবা ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক জাফর ইকবাল ও জিয়াউর রহমান নামে দুজনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা চার বছর ধরে এ ব্যবসা করছে। সুদূর ইরান থেকে চোরাচালানের মাধ্যমে তারা এসব অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকারক সীসা আমদানি করে। গাঁজার সঙ্গে সীসা মিশিয়ে পান করে হাজার হাজার তরুণ-তরুণী সন্ধ্যার পর তাদের রেস্টুরেন্টগুলোতে ভিড় জমায়। এক কলকি (২০ গ্রাম) সীসার দাম দেড় হাজার থেকে দুই হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।