তেজগাঁওয়ে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল বুধবার বেতন বৃদ্ধি,ওভার টাইমসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পুলিশ ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুত্বপূর্ণ দুইটি সড়কে যান চলাচল বন্ধ থাকে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইন চার্জ (ওসি ) মনিরুজ্জামান জানান, সেপাল পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে চারদিন ধরে কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি ছিল মালিকপক্ষ এসে তাদের সঙ্গে কথা বললে তারা কাজে যোগদান করবে। কিন্তু কারখানা মালিক গতকাল কারখানায় এলেও শ্রমিকদের সঙ্গে দেখা করেননি। এ অবস্থায় শ্রমিকরা বেলা সোয়া ১১টার দিকে নাবিস্কো মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় শিল্পাঞ্চল এলাকার আরও ৭টি পোশাক কারখানার শ্রমিক। এতে তেজগাঁও থেকে মহাখালী ও গুলশান লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। সাড়ে ১২টার দিকে ঐ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পোশাক শ্রমিকরা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকদের সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করতে হয়। এই ১২ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ধরা হতো অতিরিক্ত কর্মঘন্টা হিসেবে। কিন্তু সম্প্রতি কাজের সময় এক ঘন্টা বাড়ানো হলেও তা কর্মঘন্টা হিসেবে বিবেচিত হয় না। দেয়া হয় না দুপুর ও সন্ধ্যাকালীন খাবারও। যা অনেক পোশাক কারখানার শ্রমিক পেয়ে থাকেন। তারা আরও জানান, গত চারদিন ধরে এসব দাবিতে সেপাল পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের এসব দাবিতে সাড়া না দেয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হন। তবে শ্রমিকদের এ অভিযোগ নাকচ করেছেন সেপাল পোশাক কারখানা কর্তৃপক্ষ। তারা জানান, আশুলিয়ার মতো তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের দুপুরের খাবার বিল দেয়ার দাবি উঠলে এ এলাকার মালিকরা তা মেনে নেন। খাবার বাবদ ২৫ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। এরপরও শ্রমিকরা কেন বিক্ষোভ করছে তা বোধগম্য নয়।