স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ জনকে অব্যাহতির সুপারিশ দুদকের

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় পাঁচজনকেই অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদমশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রশ্নপত্র মুদ্রণে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে মামলাটি দায়ের করা হয়। এ মামলার বাকি চার আসামি হলেন সাবেক সচিব ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সৈয়দ তানভীর হোসেন, পরিসংখ্যান ব্যুরোর সাবেক যুগ্ম-পরিচালক এসএম তাজুল ইসলাম, এলিট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজের সাবেক মহাব্যবস্থাপক মহসিন আলী প্রামাণিক ও ব্যবস্থাপনা পরিচালক আরশাদ আলী। মামলা থেকে অব্যাহতির সুপারিশ প্রসঙ্গে দুদক কমিশনার শাহাবুদ্দিন বলেন, মামলাটি করেন তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তীকালে তদন্তে দেখা যায় যে, এ প্রকল্পে প্রশ্নপত্র মুদ্রণে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে ৯৪ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া যায়নি।