গার্মেন্টস খাতে নিরাপত্তা ঝুঁকি কমানো জরুরি

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হেইক্কি এডসভল হলমাস বলেছেন, গার্মেন্টস খাতের অব্যাহত প্রবৃদ্ধি নিশ্চিত করতে শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনা অত্যন্ত জরুরী। গতকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ খাতের সম্প্রসারিত বাজার নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) অন্যান্য কনভেনশন অনুসরণের উপরও গুরুত্বারোপ করেন। স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে পোশাক শিল্পের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এ খাতের উন্নয়নে বিশেষ করে কর্মক্ষেত্রের পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের বিরোধী দল (বিএনপিসহ শরিকরা) চলতি অধিবেশনে অংশ নিয়ে সংসদ কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করছে।