তারেক রহমান রাজনীতি ত্যাগ করেননি :দুদু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির দেয়া বক্তব্য বিভ্রান্তিমূলক। তারেক রহমান রাজনীতি থেকে পদত্যাগ করেননি, তিনি রাজনীতিতেই ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। পররাষ্ট্রমন্ত্রীর উচিত, সংযত ও গ্রহণযোগ্য ভাষায় কথা বলা। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তারেক রহমান সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে এই পরামর্শ দেন। অন্যদিকে, গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, শুধু আদালত থেকে রায় দিলেই স্বাধীনতার ঘোষক পরিবর্তন হয়ে যাবে না। দেশের কোটি মানুষ জানে- রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতার ঘোষক। এদিকে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘শহীদ জিয়ার রাজনীতি ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এম কে আনোয়ার বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কোনো নেতার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। সরকার আলোচনা নিয়ে একের পর এক শর্ত দিচ্ছে। তারা দেশের ৯০ শতাংশ মানুষের দাবিকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় নির্বাচন করতে চায়। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।