অবশেষে ওএসডি মোল্যা নজরুল

শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপ-কমিশনার মোল্যা নজরুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে গোয়েন্দা পুলিশ থেকে তাকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্ররোক্ষা) পদে বদলি করা হয়। ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। গত মঙ্গলবার রাতে বিদেশ থেকে ঢাকা পৌঁছে মোল্যা নজরুল ইসলামের দুর্নীতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধানের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। এরপরই তিনি তাকে ওএসডি করার সিদ্ধান্ত দেন। জানা গেছে, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার থাকার সময় মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়িকে জিম্মি করে কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠে। ইত্তেফাকসহ বিভিন্ন দৈনিকে ওই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া টেলিভিশন চ্যানেলগুলোও এই দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রচার করে। এর প্রেক্ষিতেই ইন্সপেক্টর আজহার উদ্দিন ও এসআই হাসনাতকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর মোল্যা নজরুলকে বদলি করা হয়। পাশাপাশি গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।