মিরসরাইয়ে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ যানবাহন ভাংচুর
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২২:৩৯
চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যু্বলীগের দুই গ্রুপের সংঘর্েষ কমপক্ষে ২০টি যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। আটককৃতরা হলেন যুবলীগের ফরিদ বাহিনীর প্রধান ফরিদ উদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ও যুবদল নেতা সিরাজ উদ্দিন। গতকাল বুধবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার কারণে দীর্ঘ যানজটের কবলে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
এদিকে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান অভিযোগ করেছেন, যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় যুবদলের নেতা সিরাজকে অপহরণ করে একটি গ্রুপের লোকজন। বিষয়টি তাত্ক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হলে পুলিশ তাকে (সিরাজ) উদ্ধার করে নিয়ে আসে। পরে শুনি তার (সিরাজ) কাছে অস্ত্র পাওয়া গেছে। তিনি দাবি করেন অস্ত্র পাওয়ার বিষয়টি সাজানো নাটক। প্রশাসন প্রকৃত অপরাধীদের বাঁচাতে যুবদলের নিরীহ নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিচ্ছেন।