আজ শুরু হচ্ছে ফাযিল পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের প্রায় ১৬শ’ ফাযিল, কামিল মাদ্রাসার ফাযিল (স্নাতক) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হচ্ছে। ফাযিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় দেশের ২৬৬টি কেন্দ্রে মোট ৯৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ থেকে ফাযিল (স্নাতক) ৩য় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর ফাযিল ৩য় বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা মোট ২৩ হাজার ৯৯৫ জন। এদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৯০৮ ও ছাত্রী ৮ হাজার ৮৭ জন। ৯ জুন থেকে শুরু হবে ফাযিল ২য় বর্ষের পরীক্ষা। ২য় বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৫ হাজার ৬৮ জন, ছাত্র ২২ হাজার ৫৬৫ জন ও ছাত্রী ১২ হাজার ৫০৩ জন। ১৩ জুন থেকে ফাযিল (স্নাতক) ১ম বর্ষের পরীক্ষা শুরু হবে। এ বছর ১ম বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৭ হাজার ৩২৬ জন, এদের মধ্যে ছাত্র ২৩ হাজার ৮৮২ ও ছাত্রী ১৩ হাজার ৪৪৪ জন। ৩১ জুলাই পর্যন্ত এ পরীক্ষা চলবে।