আমে ফরমালিন :ছয় প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২২:৪০
ফরমালিনযুক্ত আম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বুধবার রাজধানীর ছয়টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। ধ্বংস করা হয়েছে ফরমালিনযুক্ত আমগুলো। অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে রাজধানীর হাতিরপুল ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন ফলের দোকানে আমে ফরমালিন পরীক্ষা করা হয়। ফরমালিন মিশ্রিত আম ও মেয়াদ উত্তীর্ণ দধি পাওয়ায় হাতিরপুলের আগোরা সুপারশপকে ২৫ হাজার টাকা এবং নিউমার্কেটের ফয়সাল ফ্রুট স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকান দুটির ফরমালিন মিশ্রিত ৪০ কেজি আম ধংস করা হয়।
এছাড়া অধিদপ্তরের আরেকটি টিম ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাকিলা রহমানের নেতৃত্বে বনানী কাঁচাবাজারে বিভিন্ন ধরনের মাছ ও ফলের দোকানে অভিযান চালায়। এ সময় ফরমালিন মিশ্রিত আম পাওয়ায় গাজীপুর ফ্রুটসকে ১৫ হাজার টাকা ও কাসেম ফ্রুটসকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় দোকান দুটির ফরমালিন মিশ্রিত ৬০ কেজি আম ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে মদিনা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা এবং নিউ বনানী জেনারেল স্টোরকে ৫ টাকা জরিমানা করা হয়।