প্যারোলে শপথ নিলেন তানোর পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২২:৪০
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নবগঠিত তানোরা পৌরসভার প্রথম মেয়র আব্দুল জলিল খন্দকার গতকাল বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নিয়েছেন। তিনি ওই পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।
কারাগার সূত্র জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টার দিকে দুই ঘণ্টার জন্য আব্দুল জলিল খন্দকারকে প্যারোলে মুক্তি দেয়া হয়। এরপর তাকে বিশেষ পুলিশী পাহারায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বেলা সাড়ে ১১টার দিকে তাকে শপথ পড়ান। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে আব্দুল জলিল খন্দকারকে পুনরায় পুলিশ পাহারায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের ডেপুটি জেলার আনোয়ার হোসেন জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১টার দিকে পৌর মেয়র আব্দুল জলিল খন্দকারকে বগুড়া কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ৮ মে তানোরা পৌরসভা নির্বাচনে আব্দুল জলিল খন্দকার বিজয়ী হন। গত ১১ এপ্রিল থেকে কারাগারে আছেন তিনি।