জিয়া খানের মৃত্যুতে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন

সদ্যপ্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খান শুধু বলিউডেই নয়, পুরো এশিয়াতেই আলোচিত হয়েছেন ‘নিঃশব্দ’ ছবিতে অভিনয় করে। আর এই ‘নিঃশব্দ’-এ জিয়া খান অভিনয় করেছেন অমিতাভের বিপরীতে। বয়সে দু’জনার পার্থক্য সন্তান ও অভিভাবকের মতো হলেও আদপে তারা একেবারেই বন্ধুর মতো। আর সেই বন্ধু অমিতাভ জিয়া খানের মৃত্যুতে সেদিনই টুইটারে শোক জানিয়েছেন। পাশাপাশি জিয়া খানকে শেষবারের মতো দেখতেও গিয়েছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। গত বুধবার এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘আমি খুবই কষ্ট পেয়েছি ও আহত হয়েছি জিয়া খানের এই দুঃসংবাদ শুনে। আমি এখনও তাকে নিয়ে খুব বেশি চিন্তিত। কেমন জানি অস্থিরতা লাগছে আমার। এই কথাটা বলা আসলে কতটুকু ঠিক হবে জানি না, তারপরও বলব যে—কিছু কিছু সময় পরিস্থিতি মানুষকে অনেক বেশি হতাশ ও নিরুপায় করে দেয়। কখনও সে স্বপ্নের উপর বসবাস শুরু করে। আর যখনই এটা পূরণ হয় না, তারা আত্মবিশ্বাস ছেড়ে দেয়। আমি বলতে চাই মৃত্যুতে তোমার জীবন শেষ হলেও মূলত এটা কোনো সমাধান নয়। আমি খুবই মর্মাহত জিয়া খানের সাথে হয়েছে তা নিয়ে।’