বিটিভিতে আজ স্বপ্নদলের ‘হরগজ’

সাভার ট্র্যাজেডিতে হতাহতদের উত্সর্গ করে বাংলাদেশ টেলিভিশনে আজ সকাল ১০টা ৩০ মিনিটে সম্প্রচার হবে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ‘হরগজ’। নাট্যাচার্য সেলিম আল দীনের ব্যতিক্রমী এ নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার ‘হরগজ’ নামক স্থলে সংঘটিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। ‘হরগজ’ প্রযোজনাটির প্রেক্ষাপট আর সাম্প্রতিক সাভার ট্র্যাজেডির উদ্ধার-অভিযান নানামাত্রায় বিস্ময়করভাবে একইরূপ, বিধায় নাট্যকর্মীর সহমর্মিতায় সাভার ট্র্যাজেডি দুর্গতদের উত্সর্গ করে ও তাদের সাহায্যার্থে সম্প্রতি ‘হরগজ’-এর বিশেষ মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয় স্বপ্নদল। ‘হরগজ’-এর গ্রন্থিকেরা হলেন—সোনালী, শরীফ, শ্যামল, সুকন্যা, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাহীন, মিতা, মোস্তাফিজ, নাবলু, মনির, জেবু, মাধুরী, অড্রি, রেজা, সাঈদ, জাহিদ প্রমুখ।