ইংল্যান্ডের উইকেটেই চ্যালেঞ্জ দেখছেন ব্রেট লি

দুইবার বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার ব্রেট লি মনে করছেন, অস্ট্রেলিয়ার সামনে আরেকটা বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ এবার। ভারসাম্যপূর্ণ অস্ট্রেলিয়া দল বিশ্বকাপে ভালো করবে বলেই তার বিশ্বাস। তবে, সবকিছু ইংল্যান্ডের উইকেটে ভালোভাবে মানিয়ে নেওয়ার ওপর নির্ভর করছে বলে বলছেন এক সময়ের এই দ্রুততম গতির ফাস্ট বোলার। অস্ট্রেলিয়া দলের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে ব্রেট লি বলছিলেন, তারা যতদূর যাওয়া সম্ভব, ততদূর যাওয়ারই যোগ্যতা রাখে। এমনকি ইনজুরিতে পড়া ঝাই রিচার্ডসনের অনুপস্থিতি নিয়েও তিনি খুব একটা চিন্তিত নন, ‘তারা (অস্ট্রেলিয়া) যতদূর যেতে চায়, যেতে পারবে বলেই আমার বিশ্বাস। এটা দারুণ একটা দল। যদিও ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। কিন্তু তার বদলে কেন রিচার্ডসন এসেছে দলে। দেখুন, যে দলই বিশ্বকাপে যাক না কেন, তারা ভালোভাবে প্রস্তুত থাকবে। পুরোটা নির্ভর করছে, কে ইংলিশ উইকেটের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারে।’

ইংল্যান্ডের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে খুব তাত্পর্যপূর্ণ একটা কথা বলেছেন লি। অনেকে মনে করছে, এটা ফাস্ট বোলারদের জন্য খুব সহায়ক একটা টুর্নামেন্ট হবে। কিন্তু ব্রেট লি বলছেন, বছরের এই সময়টায় সেটা হওয়ার খুব একটা কারণ নেই, ‘আমাদের এটা মাথায় রাখতে হবে যে, খেলাটা কোন সময়ে হচ্ছে। এটা জুন-জুলাই মাসে হচ্ছে। এই সময়ে ওখানে উইকেট ফাস্ট বোলারদের খুব একটা অনুকূলে থাকে না। ফলে অনেকে যেটা ভাবছে যে, এখানে বোলারদের উইকেট হবে, আসলে সেটা হবে না। আমার মনে হয় ফাস্ট বোলাররা নতুন বলে ভালো করবে। কিন্তু বল পুরনো হলে তাদের কাজটা কঠিন হয়ে যাবে।’