সিরিয়া সংঘাত

শান্তি সম্মেলন হচ্ছে না

সিরিয়ার সঙ্কট নিরসনে চলতি মাসে প্রত্যাশিত শান্তি সম্মেলনটি হচ্ছে না। এরই মধ্যে সিরিয়ায় কুসাইর শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী। এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার বাবার চেয়েও বেশি নৃশংসতা চালিয়েছেন। সিরিয়ার সঙ্কট নিরসনে চলতি মাসে যে শান্তি সম্মেলন হওয়ার কথা ছিলো তা হচ্ছে না। সিরিয়ার সরকারি ও বিদ্রোহী উভয়পক্ষই সম্মেলনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে না পারায় নির্ধারিত সময়ে সম্মেলনটি হচ্ছে না বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। বুধবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাহিমি বলেন, সিরিয়ার দুই পক্ষই আলোচনার জন্য এ মুহূর্তে প্রস্তুত নয়। বিশেষ করে বিরোধীদের সম্মেলনের জন্য প্রস্তুত হতে এখনও অনেক সময় দরকার। তবে আগামী জুলাই মাসে সম্মেলনটি হতে পারে বলে জানিয়েছেন ব্রাহিমি। উল্লেখ্য, এ সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ওয়াশিংটন সিরিয়ার বিদ্রোহীদের এবং মস্কো প্রেসিডেন্ট বাসির আল আসাদকে আলোচনার টেবিলে আনার জন্য কাজ করে যাচ্ছিলো। এরই মধ্যে সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুসাইরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং বিদ্রোহীদের সূত্রে এ খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বিদ্রোহীরা কুসাইরে পরাজয়ের কথা স্বীকার করেছে। তারা শহর থেকে পিছু হটে গেছে বলে জানা গেছে। দু’সপ্তাহের লড়াইয়ে সেখানে বহুসংখ্যক বিদ্রোহী হতাহত হয়েছে এবং আরো অনেক বিদ্রোহী আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সশস্ত্র বাহিনী শহরটিতে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। অপরপক্ষে, সিরিয়ার সামরিক বাহিনী কর্তৃক কুসাইর শহর দখলের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, সিরিয়ার সরকারি বাহিনী কুসাইর দখলে স্পষ্টতই হেজবুল্লাহ ও ইরানের সহায়তা পেয়েছে। এদিকে, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান মঙ্গলবার অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার বাবার চেয়েও বেশি নৃশংসতা চালিয়েছেন।