যুক্তরাষ্ট্রে ভবন ধসে
নিহত ৬
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২০:৩৬
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভবন ধসে অন্তত ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার বলেন, বুধবার সকাল পৌনে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থলে চারতলা ভবনটি ধসে পড়ে। ভবনের ধ্বংসাবশেষ পাশের একটি দুই তলা দোকানের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। “আমরা এখনো জানি না, ওই দোকানের মধ্যে বা তার পাশে ধ্বংসস্তূপের নিচে কয় জন চাপা পড়ে আছেন,” ভবন ধসের সময় এক সংবাদ সম্মেলনে বলেন নাটার। রাতে ধ্বংসস্তূপের নিচ থেকে ৬১ বছরের এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান কর্মকর্তারা। ফায়ার ব্রিগেডের কমিশনার লিয়োড আয়ার্স জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জর্ডান ম্যাকলাগলিন (১৮) নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ভবন ধসে আশপাশের মাটি কেঁপে ওঠে।