নালিতাবাড়ী-ঢাকা রুটে বাস ধর্মঘটে জনদুর্ভোগ

নালিতাবাড়ী-শেরপুর ও ঢাকা মালিক সমিতির ত্রিমুখী দ্বন্দ্বের জের ধরে গত ৫ দিন যাবত্ নালিতাবাড়ী-ঢাকা রোডে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা শিকার হচ্ছেন চরম দুর্ভোগের। নালিতাবাড়ী মালিক সমিতি জানায়, বেশ কিছুদিন যাবত্ শেরপুর বাস-কোচ মালিক সমিতি নকলায় চেকপোস্ট বসিয়ে নালিতাবাড়ীর ঢাকাগামী বাস-কোচ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিল। আর এতে সম্মত হচ্ছিল না নালিতাবাড়ী মালিক সমিতি। এর জের ধরে গত ২রা জুন হঠাত্ করেই ঢাকায় অবস্থানরত নালিতাবাড়ীগামী গাড়িগুলো আটকে দেয় মহাখালি বাস-কোচ মালিক সমিতির লোকজন। সংবাদ পেয়ে নালিতাবাড়ী মালিক সমিতির পক্ষ থেকে নেতৃবৃন্দ ঢাকা মালিক সমিতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা শেরপুর মালিক সমিতির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এদিকে নালিতাবাড়ী মালিক সমিতি শেরপুর মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি জানেন না বলে জানান। এমতাবস্থায়, নালিতাবাড়ীতে অবস্থান করা ঢাকার গাড়িগুলো আটকে যায়। এরপরও নালিতাবাড়ী মালিক সমিতি দফায় দফায় ঢাকা ও শেরপুর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে কোন সফল পায়নি।