মেহেরপুরের মেয়র ও ছাত্রলীগ সভাপতির বাড়িতে বোমা হামলা

গতকাল বৃহস্পতিবার ভোরে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সফুয়ান আহমেদ রূপকের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। নিক্ষিপ্ত বোমায় ছাত্রলীগের সভাপতি রূপকের বসতঘরের জানালার ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার বিভিন্ন আলামত উদ্ধার করেছে। বোমা হামলার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি জানান, বৃহস্পতিবার ফজরের আজানের পরপরই দুষ্কৃতকারীরা মেয়রের বাড়িকে লক্ষ্য করে ২টি এবং জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িকে লক্ষ্য করে ১টি বোমা ছুঁড়ে মারে। কেন এবং কি কারণে এ হামলা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।