পাঁচ শ্রীলংকানের ব্যতিক্রমী সাজা
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২০:৫৯
অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক শ্রীলংকার পাঁচ নাগরিককে বুধবার সূর্যাস্ত পর্যন্ত হাজতবাস এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একদিনের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলাম ১৯৪৬ সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় এ দণ্ড প্রদান করেন। সূর্যাস্ত পর্যন্ত আদালত কক্ষে ডকে দাঁড়িয়ে থাকার পর এক হাজার টাকা জরিমানা পরিশোধ করে সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তরা মুক্তিলাভ করেন।
উল্লেখ্য, অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশের দায়ে শ্রীলংকার পাঁচ নাগরিক এইচডব্লিউ হাসান বাংগুয়া (৩০), এমএম লাসিভ দিলহান (৩২), পিএম পোমিন্দুর (২৮), কাসুল ডিরত্নে (২৭) এবং তারিন্দু তামিয়াকে (২৫) ১৭ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে আটক করে নৌবাহিনী।