ছাতকে শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ২

ছাতকে এক মাস বয়সের শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে শাহজাহান মিয়ার পুকুর থেকে একই গ্রামের ঝুনুর মিয়ার এক মাস বয়সের শিশুকন্যা মারিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ শিশুর মৃত্যু নিয়ে পাওয়া গেছে পরস্পরবিরোধী বক্তব্য। মা-বাবার দাবি রাতে প্রতিপক্ষের লোকজন শিশুকন্যাকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে। এদিকে প্রতিপক্ষ দাবি করেছেন তাদের ফাঁসাতে কন্যা শিশুর পিতা ঝুনুর মিয়া তার মেয়েকে হত্যা করেছে। পুলিশ শিশুকন্যা মারিয়ার পিতা ঝুনুর মিয়া, মাতা নাসিমা বেগমকে আটক করেছে। পাশের বাড়ির আব্দুল মতিনের সাথে ঝুনুর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।