কামালের সমর্থনে সরোয়ার-চানের গণসংযোগ
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২১:৩৫
সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদ মনোনীত প্রার্থী আহসান হাবীব কামালের সমর্থনে গতকাল বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার এমপি ও বরিশাল জেলা বিএনপির আহবায়ক এবায়েদুল হক চান। সকালে এমপি সরোয়ার নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল এলাকা থেকে শুরু করে লুত্ফর রহমান সড়ক, ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাসমালিক সমিতি, টেম্পু শ্রমিক ইউনিয়ন, বাসশ্রমিক ইউনয়নসহ ২০ নম্বর ওয়ার্ডের হোসাইনিয়া মাদ্রাসা, বৈদ্যপাড়া ও বিএম কলেজ এলাকায় আনারস মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন। এসময় মজিবর রহমান সরোয়ার এমপি বলেন, আহসান হাবীব কামাল এখন নিঃসঙ্গ নন, বিএনপি আজ কামালের আনারস প্রতীকে পক্ষে ঐক্যবদ্ধ। শুধু বিএনপিই নয় ১৮ দলের সকল নেতাকর্মীরা মিলে আগামী ১৫ জুন ভোট বিপ্লবের মাধ্যমে কামালকে বিজয়ী করবেন। এদিকে সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয় থেকে আনারস মার্কার সমর্থনে একযোগে গণসংযোগ করেন মেয়র প্রার্থী আহসান হাবীব কামাল ও এবায়েদুল হক চান। তারা নগরীর উন্নয়নের স্বার্থে আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।