ইউরোপায় ‘অল লন্ডন’ ফাইনাল

লন্ডনের দুই দল আর্সেনাল ও চেলসি ইউরোপা লিগ সেমিফাইনালের ফিরতি লেগে যথাক্রমে ভ্যালেন্সিয়া ও এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ২৯ মে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ফাইনালের ‘লন্ডন ডার্বি’তে মুখোমুখি হবে দুই দল।

প্রতিপক্ষের মাঠে আর্সেনালের জয়টা ৪-২ ব্যবধানের হলেও অনায়াস ছিল  না মোটেও। ৩-১ গোলে হেরে প্রথম লেগ শেষ করা ভ্যালেন্সিয়া ম্যাচের ১১তম মিনিটেই কেভিন গ্যামেইরোর গোলে এগিয়ে গিয়ে লিভারপুল ও টটেনহ্যামের কীর্তির পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ছিল। কিন্তু ১৭ মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াং ও ৫০তম মিনিটে আলেক্সান্দার লাকাজেত গোল করলে আর্সেনালের উত্তরণ নিশ্চিতই হয়ে যায়।

তবে ভ্যালেন্সিয়া এরপরও লড়াই চালিয়ে গেছে। ৫৮ মিনিটে গ্যামেইরো ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। কিন্তু এরপর আরো দুই গোল করে অবামেয়াং হ্যাটট্রিক পূর্ণ করলে দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলের জয় নিশ্চিত হয় আর্সেনালের।

দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত করে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও বাঁচিয়ে রাখল আর্সেনাল। তবে কাগজে কলমে প্রিমিয়ার লিগেও দলটির আশা বেঁচে আছে। তবে সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামকে তো হারতে হবেই, সঙ্গে সঙ্গে গানাররা জিততে হবে কমপক্ষে সাত গোলের ব্যবধানে। 

দলের কোচ উনাই এমেরি তাই ইউরোপার ফাইনালকে দেখছেন চ্যাম্পিয়ন্স লিগের একটি বিকল্প পথ হিসেবেই। তিনি বলেন, ‘লিগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পারিনি আমরা। কিন্তু এটা আরেকটা পথ। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণ কিন্তু এটাও আরেকটা শিরোপা। তাই এটা খুব সহজও হবে না আমাদের জন্য।’

নিজেদের মাঠে চেলসি ২৮ মিনিটে রুবেন লফটাস চিকের গোলে এগিয়ে গেলেও সফরকারী ফরোয়ার্ড লুকা জভিচ ৪৯ মিনিটে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা বজায় থাকলে পেনাল্টি শুট আউটেই নির্ধারিত হয় ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ।

টাইব্রেকারে চেলসি ডিফেন্ডার চেজার অ্যাজপ্লিকুয়েতা সুযোগ নষ্ট করলেও পরে এইনট্র্যাখটের মার্টিন হিন্টারেগার ও গণকালো পাসিয়েন্সিয়ার মিসের সুবাদে জয় পায় চেলসি।

 ফেব্রুয়ারিতে কারাবাও কাপের ফাইনালে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির কাছে পেনাল্টি শুটআউটে হেরেছিল কোচ মাওরিজিও সারির চেলসি। বাকুতে অনুষ্ঠিতব্য ফাইনাল জিতে তার প্রায়শ্চিত্ত করতে চান ইতালীয় এই কোচ। তিনি বলেন, ‘আরো একটা ফাইনাল। আমরা আমাদের প্রথম ফাইনালটা ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছিলাম এবং হেরেছিলাম। তাই আমরা এখন জিততে চাই। আমি মনে করি, আমাদের দলটা জয়েরই যোগ্য।’

তিনি আরো বলেন, ‘তিন মাস আগে আমরা সমস্যায় পড়েছিলাম। আর ইংল্যান্ডে যদি আপনি সমস্যায় পড়েন এবং প্রতিপক্ষের মান অনেক বেশি থাকে তবে সেখান থেকে উঠে আসা খুব কঠিন হয়ে পড়ে। আমরা তা করতে সক্ষম হয়েছি। এ কারণেই আমার মনে হয়, শিরোপা আমাদেরই জেতা উচিত।’