অজানা আশংকায় দুই মেয়র প্রার্থী গানম্যান নিয়েছেন

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে, উত্তাপ-উত্তেজনা ততোই বাড়ছে। অনেক প্রার্থীর মাঝে রয়েছে এক ধরনের অজানা আতংক। এ পরিস্থিতিতে কোন কোন প্রার্থী তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছেন। ইতিমধ্যে দুইজন মেয়র প্রার্থী গানম্যান নিয়ে চলাফেরা করছেন। এরা হলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং জাতীয় পার্টি (এ) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মধু। তবে ১৮ দলীয় জোট প্রার্থী মনিরুজ্জামান মনি এখনো গানম্যান নেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেননি। এদিকে প্রার্থীরা গানম্যান নিলেও কোন ধরনের শংকা কিংবা ঝুঁকি আছে বলে মনে করছে না খুলনার পুলিশ প্রশাসন। তারা বলছেন, প্রার্থীরা নিজেদের নিরাপত্তা অধিক জোরদার করতেই হয়তো গানম্যান নিয়েছেন। খুলনা মহানগরীতে এখন চলছে পুরোদমে প্রচারণা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। অতীত অভিজ্ঞতার কারণে অনেকের মাঝে এক অজানা সংশয় থেকেই যাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আইন-শৃংখলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর একটি সেল গঠন করা হয়েছে। গত ১৭ মে থেকে এ সেল অভিযান শুরু করেছে। তবে তালিকাভুক্ত ও উঠতি বয়সী সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের অস্ত্রধারী ক্যাডাররা বিভিন্নস্থানে ঘাপটি মেরে আছে। মহানগরীর অদূরে সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাহিদ হাসানসহ জোড়া হত্যার ঘটনা মানুষের মাঝে শংকাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিএনপি ও জাপা সমর্থিত মেয়র প্রার্থীরা অনেক আগে থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছেন। কেএমপি সিটিএসবি’র একটি সূত্র জানায়, দুইজন মেয়র প্রার্থী’র আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গানম্যান দেয়া হয়েছে। তবে কোন ধরনের হুমকি বা ঝুঁকি’র খবর নেই তাদের কাছে। প্রার্থীরা নিজেদের নিরাপত্তা অধিক জোরদার করতেই গানম্যান নিয়েছেন। অন্য প্রার্থীরাও গানম্যান চাইলে গুরুত্ব বুঝে ব্যবস্থা নেয়া হবে। কেএমপি’র কমিশনার সফিকুর রহমান বলেন, মোস্ট ওয়ান্টেড যারা তারা পলাতক। তবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে কেএমপি’র দু’টি অতিরিক্ত টিম কাজ করে যাচ্ছে। এদিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামানের প্রত্যাহার দাবি করে রিটার্নিং অফিসারের কাছে বুধবার আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি। রিটার্নিং অফিসার মেয়র প্রার্থীর এ আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন।