সামগ্রিক অর্থনীতির জন্য এ বাজেট মাইলফলক
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২২:৩৫
বর্তমান সরকারের শেষ বাজেট ২০১৩-১৪ অর্থবছরের বাজেটকে সামগ্রিক অর্থনীতির জন্য মাইলফলক ও চ্যালেঞ্জিং হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, অর্থমন্ত্রী এবার বিনিয়োগ ও শিল্পবান্ধব বাজেট দিয়েছেন। ৭ শতাংশের অধিক প্রবৃদ্ধির হার নির্ধারণের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবারের বাজেট মাইলফলক এবং দেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, এই প্রবৃদ্ধির হার নির্ধারণের ফলে মূল্যস্ফীতি বাড়তে পারে। কিন্তু সমগ্র অর্থনীতির জন্য এবং সম্ভাবনাময় বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে মূল্যস্ফীতির বেদনা আমাদের মেনে নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এবারের বাজেটে তথ্য-প্রযুুক্তির বিভিন্ন খাতে কর-রেয়াতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে। যা দেশের আপামর জনগণকে আরো বেশি আকৃষ্ট করবে। এতে প্রমাণিত হয়েছে, বর্তমান অর্থমন্ত্রী তার অর্থনৈতিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনার ধারাবাহিকতায় একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বাজেট বাস্তবায়নের এই চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের মূল লক্ষ্য। দেশবাসীকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি জানান।