চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করলো বিশেষজ্ঞ চিকিত্সকরা

চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিত্সকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। অভিযুক্ত চিকিত্সক ডা. সুরমান আলীকে মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার আইনজীবীর জিম্মায় ১০ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। আদালত এ সময় ঐ চিকিত্সককে পরবর্তীতে সতর্কতার সঙ্গে চিকিত্সা কার্যক্রম পরিচালনার জন্য মুচলেকা নিয়েছেন। ওই চিকিত্সককে কারাগারে প্রেরণের প্রতিবাদে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিত্সকরা গত সোমবার থেকে চেম্বার ও প্রাইভেট ক্লিনিকে চিকিত্সাসেবা প্রদান বন্ধ করে দেন। চিকিত্সকের জামিনের পর গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে বিএমএ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মজিবুল হক খান ডা. সুরমান আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠনের আহবান জানান। অভিযুক্ত চিকিত্সককে আদালত জামিন দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন তিনি।