পদ্মা সেতুর জন্য সর্বোচ্চ বরাদ্দ

পদ্মা সেতুর জন্য একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বাজেটে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন অর্থ বছরে সড়ক যোগাযোগ ও রেলপথ খাতে বরাদ্দ করা ১৮ হাজার ২৩২ কোটি ৭৩ লাখ টাকা থেকে এই অর্থ খরচ করা হবে। বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ যে শুরু করেছি সেইটিই একমাত্র উপায় বলে আমার মনে হয়। প্রকৌশল বিবেচনায় এত জটিল প্রকল্প একমাত্র আন্তর্জাতিক ঠিকাদারদের প্রতিযোগিতামূলক প্রস্তাবের মাধ্যমেই নির্ধারণ করা শুধু উচিত নয় বরং অপরিহার্য। পূর্ব নির্বাচিত ঠিকাদারদের প্রস্তাব অতিসত্বরই আহ্বান করছি, এই কাজের জন্য চুক্তি সম্পাদন সরকারের বর্তমান মেয়াদকালেই সম্ভব হবে বলে মনে করি। মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অভিযোগ প্রমাণে এবং কানাডার মামলাও শেষ হতে আরো অনেক সময় লাগবে, সেজন্য আমাদের অপেক্ষা করা অনুচিত, আমাদের প্রত্যাশা হলো যে দুর্নীতি দমন কমিশন এই মামলাটি দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন ত্বরান্বিত করবে।