বাজেট উন্নয়ন সহায়ক ভূমিকা পালন করবে
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২২:৩৯
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বাজেট প্রতিক্রিয়ায় বলেন, এ বাজেট উচ্চাভিলাষী। তবে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে উচ্চাভিলাষী বাজেটই প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি প্রস্তাবিত বাজেটে পিএসআই পদ্ধতি ঐচ্ছিককরণসহ চিটাগাং চেম্বারের বেশকিছু সুপারিশ গ্রহণ করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। তবে বাজেট ঘাটতি মোকাবেলায় অভ্যন্তরীণ উত্স থেকে সরকারের ঋণ গ্রহণ করার ক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পল্লী উন্নয়ন, কর্মসংস্থান, খাদ্য ও সামাজিক নিরাপত্তা বেষ্টনিসহ বিদ্যুত্, জ্বালানি, সড়ক ও রেল যোগাযোগ খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখায় চেম্বার সভাপতি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক বাজেট বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিয়ে অর্থমন্ত্রী দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়ে বাজেটকে দুর্নীতিবান্ধবে পরিণত করেছেন। বাজেটে দেশের গরিব-দুঃখী মেহনতি মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।