বাজেটের টুকিটাকি

স্থায়ী বেতন ও চাকরি কমিশন গঠনের ঘোষণা ঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতন ও চাকরি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, আমরা একটি স্থায়ী বেতন কমিশন গঠন করতে পারি। এই রকম বেতন কমিশন সব সময় বেতন ভাতার বিষয়টি বিবেচনায় রাখবে। তারা বেতন ভাতা নির্ধারণে যেসব অসঙ্গতি হয় সেগুলোর সমাধানও দিতে পারবেন। তিনি বলেন, আগামী অর্থ বছরেই আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য বেতন কমিশনের সময় হয়ে যাবে। সেই সুযোগে স্থায়ী বেতন কমিশন গঠন করব আমরা। মাথাপিছু আয় ৯২৩ ডলারঃ দেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ৯২৩ মার্কিন ডলার বা ৭৪ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯৮৭ কোটি টাকা। আগের বছর দেশের মাথাপিছু আয় ছিলো ৮৪৮ মার্কিন ডলার। ১০ লাখ অতি দরিদ্র হ্রাসের লক্ষ্যঃ ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মোট ১০ লাখ অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস করতে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এ জন্য ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। স্বল্প আয়ের লোকদের জন্য ফ্ল্যাটঃ অর্থমন্ত্রী বলেছেন, ২০২১ সালের মধ্যে সকলের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। স্বল্প ও মধ্য আয়ের লোকদের জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় ৪৪ হাজার প্লট উন্নয়ন ও প্রায় ৩২ হাজার ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। মোবাইল গ্রাহক প্রায় দশ কোটিঃ দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ৯ কোটি ৮৬ লাখ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৪০ লাখে উন্নীত হয়েছে। হিজড়া ও দলিতদের উন্নয়নে বরাদ্দ ঃ হিজড়া, দলিত, হরিজন ও বেদে সমপ্রদায়কে সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এসব সমপ্রদায়ভুক্ত শিশুদের উপবৃত্তি প্রদান, প্রাপ্তবয়স্কদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও তাদের আয়বর্ধক কাজে সম্পৃক্তকরণ এবং প্রৌঢ় অক্ষম ও অস্বচ্ছল ব্যক্তিকে ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। খাদ্যের ভেজাল রোধে ১২ হাজার মামলাঃ খাদ্যের ভেজাল রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিগত তিন অর্থবছরে ৪ হাজারের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১২ হাজার মামলা করা হয়েছে।