প্রথমবারের মতো জেলা বাজেট পেশ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবশেষে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জেলা বাজেট প্রণয়ন করা হয়েছে। জেলা বাজেটের জন্য ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলাকে বেছে নেয়া হয়েছে। এই বাজেটে থাকছে জেলায় সরকারের বিভিন্ন দফতর যেসব কাজকর্ম রাজস্ব এবং উন্নয়ন বাজেটের অধীনে পরিচালনা করছে সে সম্পর্কে নির্ভরযোগ্য বিবৃতি। গতকাল সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একেবারে বিশুদ্ধ না হলেও জেলা বাজেটে বাজেটমাফিক কি ধরনের কার্যক্রম হচ্ছে এবং কত খরচ হচ্ছে তার একটি ধারণা পাওয়া যাবে। এ বাজেটের উদ্দেশ্য হচ্ছে সরকারের বিভিন্ন কার্যক্রমে একটি জেলা কিভাবে প্রভাবিত এবং উপকৃত হয় তার বিবরণ দেয়া। তাছাড়া এর মাধ্যমে সরকারের কাজের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে বাকি ৬টি বিভাগের ৬টি জেলার জেলা বাজেট প্রকাশ করা হবে।