কিশোরগঞ্জে নারী উদ্যোগ কেন্দ্রের কারাতে প্রশিক্ষণ
সুবীর বসাক, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:২২
জেলা শহরে স্কুল-কলেজগামী ছাত্রীদের পথে-ঘাটে ছোটখাট বিপদ-আপদ থেকে রক্ষা এবং তাদের দৈহিক ও মানসিক শক্তি সুদৃঢ় রাখার জন্য আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) গার্ল পাওয়ার প্রজেক্ট এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের মেয়াদকাল হল তিনমাস। গত ১৯ মে জেলা স্মরণী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবিয়া আক্তার খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুরাইয়া সুলতানা, ক্রীড়া শিক্ষক উম্মে কুলসুম, দৈনিক নিউ নেশনের জেলা প্রতিনিধি আলম সারওয়ার টিটু প্রমুখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আবদুল্লাহ। তিনি জানান, এই প্রশিক্ষণ তাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিবে। গার্ল পাওয়ার প্রজেক্টের টেকনিক্যাল অফিসার এফ. এম. সাইদুর রহমান জানান, চূড়ান্তভাবে ২৫ জন ছাত্রীকে বাছাই করে তাদেরকে কারাতে প্রশিক্ষণ প্রদান করা হবে।