নারী প্রিমিয়ার ক্রিকেট

পিংকির সেঞ্চুরিতে রূপালী ব্যাংকের জয়

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। এদিন রূপালী ব্যাংকের হয়ে সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিংকি। গতকাল তার সেঞ্চুরিতেই বিকেএসপির চার নম্বর মাঠে মোহামেডানকে ২২ রানে হারিয়েছে রূপালী ব্যাংক।

পিংকির সেঞ্চুরিতে আগে ব্যাট করে আট উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছিল রূপালী ব্যাংক। পিংকি ১২৬ বলে ১০টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন। শশীকলা ৩৩, জান্নাতুল ফেরদৌস ২৫, শুকতারা ২৩ রান করেন। পরে ৯ উইকেটে ২০৩ রানের বেশি তুলতে পারেনি মোহামেডান। দিশা কাসাই ৫৭, টুম্পা ২৯, রিতু মনি ২৬, সালমা ২৪ রান করেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী চার উইকেটে পরাজিত করেছে আনসার-ভিডিপিকে। আগে ব্যাট করে আনসার-ভিডিপি ১৮৮ রানে অলআউট হয়। পান্না ঘোষ ৫১, শাহনাজ পারভিন ৫০, মাসুমা আক্তার শাপলা ২৮ রান করেন। জবাবে ৪৯.১ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান তুলে ম্যাচ জিতে নেয় আবাহনী। শামীমা সুলতানা ৪৪, ববিতা মীনা ৩৮, শারমিন সুলতানা ২৩, তাজ নেহার অপরাজিত ২৩, শিরোমালা ২১, মুনতাহা খাতুন ২০ রান করেন।