স্বপন আহমেদ ভার্সেস মেহজাবিন!
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২০:৪২
‘পরবাসিনী’ মেহজাবিনের প্রথম চলচ্চিত্র। প্রায় সবগুলো গণমাধ্যমেই এই খবরটি চাউর হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু অতি সম্প্রতি চ্যানেল আইয়ের একগুচ্ছ ‘বুটিক সিনেমা’ নামের ক্যাম্পেইনে মেহজাবিন তার চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে মন্তব্য করেন নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর চলচ্চিত্রই তার জীবনের প্রথম চলচ্চিত্র। তবে কী ‘পরবাসিনী’র শুটিং তিনি করেন নি? এমন প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে এ বিষয়ে ‘পরবাসিনী’র পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘একটি পত্রিকার মাধ্যমে এভাবে স্টেটমেন্ট দেয়ানোর চেষ্টা করে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশকে নষ্ট করতে চায় কেউ কেউ। ‘পরবাসিনী’তে মেহজাবিন অভিনয় করেছে এটা সবারই জানা। তবে আমি নিজেও ওর এ ধরনের আচরণে কষ্ট পেয়েছি। আর এভাবে ভুল ও বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিলে হয়তো আমার ‘পরবাসিনী’ চলচ্চিত্রে দেখা যাবে মেহজাবিন চতুর্থ কোনো অগুরুত্বপূর্ণ চরিত্রের কোনো এলিয়েন হিসেবে। এক পরিচালকের ছবি হাতে নিয়েই অন্য পরিচালকের কাজকে অস্বীকার ও ভ্রান্ত তথ্য দেওয়া, মোটেই শুভকর নয়। আমি এ নিয়ে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতেও একটি লিখিত প্রতিবাদ জানাব।