গোলানের সীমান্ত ক্রসিং পুনর্দখল করেছে সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী জাতিসংঘ পরিচালিত গোলান মালভূমির সীমান্ত-ক্রসিং বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে। সেখানে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য আহত হয়েছে। এ ঘটনার পর গোলান মালভূমিতে শান্তিরক্ষীর দায়িত্বে থাকা নিজ দেশের সেনাসদস্যদের সেখান থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে অষ্ট্রিয়া। সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার গোলান মালভূমিতে জাতিসংঘ পরিচালিত সীমান্ত-ক্রসিং বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে বলে ইসরাইলের সামরিক সূত্রে জানা গেছে। ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডের কাছে কুনেইত্রায় ট্যাংক এবং সাজোঁয়া যান ব্যবহার করেছে সিরীয় সেনারা। এর আগে তুমুল লড়াইয়ের মধ্যদিয়ে বিদ্রোহীরা সীমান্ত ক্রসিংটি কিছুক্ষণের জন্য দখল করে নিয়েছিল। ক্রসিং দখল ও পুনর্দখলের সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যকার লড়াইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য আহত হয়েছে। এদের একজন ফিলিপিনের সামরিক বাহিনীর সদস্য। এ ঘটনার পর ক্রসিংটি পাহারায় থাকা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে বলে জানা গেছে। এদিকে অস্ট্রিয়া জানিয়েছে, কুনেইত্রা শহর এবং সীমান্ত-ক্রসিং ঘিরে লড়াই বাড়তে থাকায় সেখান থেকে অস্ট্রীয় শান্তিরক্ষীদেরকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে। সীমান্ত ক্রসিং-এর অসামরিক এলাকা এবং কুসাইর পর্যবেক্ষণে নিয়োজিত নয়শ’রও বেশি জাতিসংঘ শান্তিরক্ষীর এক-তৃতীয়াংশই অস্ট্রিয়ার সেনা। ফলে অস্ট্রিয়ার সেনাদের প্রত্যাহার করা হলে শান্তিরক্ষা মিশনের ওপর তা নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র জোসেফাইন গুয়েরেরো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রমি আব্দুল রহমান প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে বলেছিলেন, ‘অধিকৃত গোলান মালভূমির পুরোনো শহর কুনেইত্রার কাছে সীমান্ত-ক্রসিং বিদ্রোহীরা দখল করেছে।’ কিন্তু পরে ইসরাইলের এক সামরিক সূত্রে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী কয়েক ঘণ্টা পর সীমান্ত-ক্রসিংটি পুনর্দখল করেছে। এখন সেখানে অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে ক্রসিংটি কারা নিয়ন্ত্রণ করছে সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ইসরাইলী সামরিক সূত্রটি বলেছে, ক্রসিং দখলের লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী ট্যাংক এবং সজোঁয়া যান ব্যবহার করে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ইসরাইলের ওই সামরিক সূত্রটি। ইসরাইলের কর্মকর্তারা সিরিয়ার গৃহযুদ্ধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। গোলান মালভূমি থেকে ইসরাইলে হামলা হতে পারে বলে তারা শঙ্কিত।