আড়িপাতার পক্ষে সাফাই মার্কিন গোয়েন্দা প্রধানের

মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির (এনএসএ) পরিচালক জেমস ক্ল্যাপার দেশটির টেলিফোন ও ইন্টারনেটে আড়ি পাতার পক্ষে সাফাই গেয়েছেন। ওয়াশিংটন পোস্ট এবং গার্ডিয়ান পত্রিকায় গুগল, ইয়াহু, মাইক্রোসফট, ফেইসবুকসহ ৯টি ইন্টারনেট জায়ান্ট এবং মার্কিন নাগরিকদের টেলিফোনে আড়িপাতার খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ সাফাই গাইলেন। প্রতিবেদনে বলা হয়, আদালতের গোপন নির্দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের টেলিফোনালাপ ও ইন্টারনেটের তথ্য সংগ্রহ করছে মার্কিন গোয়েন্দারা। ‘প্রিজম’ নামের কর্মসূচির আওতায় দৈনিক এ আড়ি পাতা হয় বলেও খবরে উল্লেখ করা হয়। ২০০৭ সালে এ কর্মসূচি শুরু হয় এবং গত কয়েক বছরে এ কর্মসূচি ব্যাপক হারে বেড়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তবে জেমস ক্ল্যাপারের দাবি, ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকায় ‘প্রিজম’ সম্পর্কে প্রকাশিত সব তথ্য সঠিক নয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তাছাড়া, এ কর্মসূচি কেবল যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য।এতে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপরেই জোর দেয়া হয়।যুক্তরাষ্ট্রের ভেতরের কোনো নাগরিককে ইচ্ছাকৃতভাবে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয় না বলেও দাবি করেন ক্ল্যাপার। বৈদেশিক গোয়েন্দা নজরদারি আইনের ৭০২ ধারার আওতায় এ কর্মসূচি নেয়া হয়েছে এবং সমপ্রতি নানা বিতর্ক এবং শুনানির পর কংগ্রেস সমপ্রতি এটি চালু করেছে বলে জানান ক্ল্যাপার। এ কর্মসূচির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দেশ ও জাতিকে বিভিন্ন হুমকি থেকে রক্ষারই চেষ্টা চলে এবং এ পন্থায় অনেক হামলাই প্রতিহত করা গেছে বলে জানান তিনি। গোয়েন্দারা নাগরিক স্বাধীনতা এবং গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও আশ্বস্ত করেন ক্ল্যাপার। ক্ল্যাপার মার্কিন নাগরিকদেরকে নজরদারির আওতায় রাখার অভিপ্রায় না থাকার দাবি করলেও ওয়াশিংটন পোস্ট বলছে, মার্কিন নাগরিকদের সম্পর্কিত বিপুল পরিমাণ তথ্য গোপন রাখা হয়। যাতে করে তাদেরকে নজরে রাখা যায় এবং আরো তথ্য জানা সম্ভব হয়। এদিকে তথ্য সংগ্রহের জন্য তাদের সার্ভারে যুক্তরাষ্ট্রের সরকারি নিরাপত্তা সংস্থাগুলোকে ‘সরাসির প্রবেশ’ করার ব্যবস্থা করেছে বলে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অস্বীকার করেছে বিশ্বের প্রধান তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো। প্রকাশিত খবর অস্বীকার করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, ফেইসবুক ও ইয়াহুসহ অন্যান্য শীর্ষস্থানীয় নয়টি কোম্পানি।