পুনরায় হটলাইন চালু করতে চায় উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়ার পর এবার উত্তর কোরিয়া পুনরায় হটলাইন চালু করতে সম্মত হয়েছে। শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ কথা বলা হয়। একইসঙ্গে আগামী সপ্তাহে সিউলে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাবের বিষয়েও তারা রাজি হয়েছে। উত্তর কোরিয়ার এ সংক্রান্ত কমিটি সিপিআরকে জানায়, গত মার্চে দুই কোরিয়ার মধ্যে তীব্র সামরিক উত্তেজনার পর আমরা এটি বন্ধ করে দিতে বাধ্য হই। আশা করা হচ্ছে এ হটলাইন পুনরায় চালু হলে তা উভয়ের মাঝে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হবে। এছাড়া এর ফলে দুইদেশের সরকারের মধ্যে সরাসরি আলোচনার পথও সহজতর হবে। এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়া আকস্মিকভাবে দক্ষিণের প্রতি আলোচনার প্রস্তাব দেয়। এতে বলা হয়, কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনার ফলে বন্ধ হয়ে যাওয়া যৌথ শিল্পাঞ্চল কায়েসং পুনরায় খুলে দেয়া এবং মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে যাতায়াতের আন্ত:সীমান্ত পথ আবার চালু করা হবে। কায়েসং ছিল দুই কোরিয়ার সর্বশেষ ঐক্যের প্রতীক।