চীনে ফরাসি বিদ্যালয়ে যৌন নির্যাতন :মার্কিন শিক্ষক আটক

চীনের সাংহাইয়ে একটি নামকরা ফরাসি বিদ্যালয়ে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে এক মার্কিন শিক্ষককে আটক করা হয়েছে। বিদ্যালয়ের কর্মকর্তা ও অভিভাবকের পক্ষ থেকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ একথা জানায়। চীনের টুইটার ভার্সন সিনা উইবোতে নগরীর সরকারি নিরাপত্তা ব্যুরো বৃহস্পতিবার জানায়, ‘শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে আইন অনুযায়ী পুলিশ গত ১৩ মে ওই মার্কিন নাগরিককে আটক করে।’ পুলিশ জানায়, এক ছাত্রী তাকে বারবার যৌন নির্যাতন করার ব্যাপারে একদিন আগে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। তারা আরো জানায়, মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে। বেশ কয়েকজন অভিভাবক এএফপিকে বলেন, সাতটি পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। শিশুদের যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে তারা এসব মামলা করে। এর আগে একই ধরনের অভিযোগে সাবেক এক মার্কিন শিক্ষককে চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। ওই শিক্ষককে ফেরত পাঠানোর পাঁচ মাস পর এ শিক্ষককে আটক করা হলো।