উত্তরাঞ্চলে নুড়ি পাথর ও সিলিকা বালুর অফুরন্ত ভাণ্ডার রাজস্ব-বঞ্চিত সরকার

উত্তর জনপদের নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে মূল্যবান প্রাকৃতিক সম্পদ নুড়ি পাথর ও উন্নতমানের সিলিকা বালু ক্রয়-বিক্রয় হলেও সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এলাকায় অধিকাংশ নদীর উত্পত্তিস্থল হিমালয়। হিমালয় পাহাড় থেকে নদী বহন করে আনে নুড়ি পাথর ও সিলিকা বালু। সিলিকা বালুতে জড়িয়ে আছে এক প্রকার ক্ষুদ্র কণিকাবিশিষ্ট পাথর যা কাঁচ তৈরির উপযোগী। অনাদিকাল থেকে নদীর মাধ্যমে হিমালয় থেকে অসংখ্য বিভিন্ন রকমের পাথর নেমে আসে এবং কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে। স্থান, কাল, পাত্র ভেদে ৩/৪ ফুট মাটির নিচ থেকে শুরু করে ৫০/৬০ ফুট নিচে রয়েছে অসংখ্য বিভিন্ন সাইজের পাথর। বিত্তশালীরা জমি লিজ নিয়ে পাথর উত্তোলন করছে এবং চড়ামূল্যে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এলাকার সিলিকা বালুদ্বারা উন্নতমানের কাঁচ শিল্প গড়ে তুলতে সরকার উদ্যোগ নেয়া সত্ত্বেও অদ্যাবধি তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে বেশ কিছু নদী বছরভিত্তিক ইজারা দেয়া হলেও অনেক স্থানে এই প্রথা চালু হয়নি। একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে লাখ টাকার মালিক হচ্ছে। অপরদিকে এ সমস্ত প্রাকৃতিক সম্পদেও লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।