সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:০৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নং ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মুহাম্মদ সাইফুল্লাহকে নানা অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১৩টি অভিযোগ এনে ঢেমশা ইউনিয়ন পরিষদ সদস্যদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত বছরের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে দায়ের করা হয়। এ অভিযোগের সরেজমিন তদন্তের পরিপেক্ষিতে মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাম্মত্ কামরুন্নাহার স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পরিপত্র ডাক যোগে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের কার্যালয়ে এসে পৌঁছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী জানান, অভিযোগের ব্যাপারে আমি উচ্চ আদালতে চলতি বছরের ১৬ এপ্রিল রিট করেছি। এখন পর্যন্ত বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি আমি কোন কিছু জানি না।