সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:০৭
ঝালকাঠিতে আঙ্গুর ফলে ফরমালিন
ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠিতে ফলের দোকানসমূহে মেশিনের সাহায্যে পরীক্ষা করে ফরমালিন পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রায় ২০ কেজি আঙ্গুর ফলে ফরমালিন পাওয়ায় তা নষ্ট করে ফেলেন।
মিরসরাইয়ে হরিণ শাবক অবমুক্ত
মিরসরাই সংবাদদাতা \ মিরসারইয়ে একটি হরিণ শাবক উদ্ধারের পর পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জোরারগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বেলকাজী পাহাড়ে হরিণ শাবকটি অবমুক্ত করেন। জোরারগঞ্জ রেঞ্জেরবিট কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম জানান, তিন মাস বয়সী মায়া হরিণ শাবকটিকে একজন লোক পাহাড় থেকে ধরে নিয়ে আসে। খবর পেয়ে গত বৃহস্পতিবার মস্তাননগর এলাকার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের সাধু মিয়ার বাড়ি থেকে সেটি উদ্ধার করা হয়।
কোটালীপাড়ায় ডিশ ব্যবসার মালামাল জব্দ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে ডিশ ব্যবসার অপরাধে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলার রাধাগঞ্জ বাজারের রাধাগঞ্জ ক্যাবল ভিশনের কন্ট্রোল রুমে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিকাইল ডিশ ব্যবসার মালামালগুলো জব্দ করেন।
দামুড়হুদায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা গ্রামবাসী আর্সেনিকমুক্ত নিরাপদ পানি ও রোগীদের চিকিত্সার দাবিতে মানববন্ধন পালন করেছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর নামকস্থানে ঘন্টাব্যাপি এ মানববন্ধন গড়ে তোলা হয়। এতে আর্সেনিক আক্রান্ত নারী-পুরুষসহ ২ শতাধিক গ্রামবাসী অংশ নেয়। পরে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের কাছে স্মারকলিপি দেয়া হয়। এ সময় হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুল হক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহনগঞ্জে কমিটি বাতিলের দাবিতে বিএনপির অফিস ভাংচুর
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মোহনগঞ্জে বুধবার রাতে যুবদলের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে স্থানীয় যুব দল বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে। জানা গেছে, ইতিপূর্বে নেত্রকোনা জেলা কমিটির তরফ থেকে গোলাম এরশাদুর রহমানকে সভাপতি ও মো: শাহীন মিয়াকে সিনিয়র সহ-সভাপতি করে মোহনগঞ্জ থানা যুবদলের কমিটি গঠন করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এ ঘটনার পর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন জীবন কমিটি থেকে পদত্যাগ করেছেন।
নাঙ্গলকোটে শিক্ষক সমিতির পরিচিত সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার সমিতি অফিসে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাষ্টার আবুল খায়ের আবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। সমিতির সহ-সভাপতি মাওলানা সাদেকুর রহমান, মাষ্টার ফারহানা ইয়াসমিন, ওবায়দুল হক, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন, মাষ্টার মফিজুর রহমান, মাষ্টার আবুল কাশেম, জীবন কৃষ্ণ গোস্বামী প্রমুখ।
স্কুল ছাত্র হত্যার বিচারের দাবিতে বেলকুচিতে মানববন্ধন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বেলকুচি শিশু একাডেমীর কেজি টু’র ছাত্র ও গাড়ামাসী গ্রামের চাঁন আলীর ছেলে ইয়ামিন হোসেন পিয়াস হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের সাধারণ মানুষ। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও স্কুল কমিটির সভাপতি জুলকার নায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ জী খান, ফজলুল হক সরকার, গাজী লুত্ফর রহমান মাখন, গাজী সাইদুর রহমান, গাজী মালেক তালুকদার, নিহতের পিতা চাঁন আলী প্রমুখ।
মেহেরপুরে কাব স্কাউট ইউনিট বেসিক লিডার কোর্সের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা স্কাউটের উদ্যোগে স্থানীয় কাজি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে ৫ দিনব্যাপী ৩০৬তম কাব স্কাউট ইউনিট লিডার ব্যাসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক মাহামুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০৬তম কাব স্কাউট ইউনিট লিডার ব্যাসিক কোর্সের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী।
মির্জাপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুরে নারী জাগরণের অন্যতম বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রী ও আবাসিক পুরস্কার বিতরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি (পিপিএম) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান মিঞা।
নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি \ আগামী ২৯ জুন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় এ তারিখ ঘোষণা করা হয়। দলীয় কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ কালামের সভাপতিত্বে সভায় দলের কার্যক্রমকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, দপ্তর সম্পাদক সালেহ আহমেদ টুটুল।
বাজিতপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার বাজিতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর এলাকার মথুরাপুরে চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেন প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও শিক্ষক নেতা অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান।
নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গত ৬ জুন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বাদশা।
জগন্নাথপুরে নবাগত ইউএনও’র যোগদান
জগন্নাথপুর প্রতিনিধি \ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা থেকে বদলি হয়ে আসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার থেকে তিনি অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। সিলেট বিভাগীয় কমিশনারের আদেশে জগন্নাথপুর উপজেলা অফিসার আব্দুল ওয়াদুদকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ও বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরকে জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়।
গৌরনদীতে কারিতাসের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা কারিতাসের জীবিকা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গত বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে সুবিধাভোগী ৮০টি দুস্থ পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইএলএইচপি প্রকল্পের উপদেষ্টা কমিটির সভাপতি জিএম হারুন মৃধা।
কুমিল্লায় মাতাল বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নান্নু মিয়া নামে এক বৃদ্ধকে মদ পান করে মাতলামী করার অভিযোগে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
শরণখোলায় ওয়াটার স্যানিটেশন বিষয়ক কর্মশালা
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের শরণখোলায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় ওয়াটার স্যানিটেশন এান্ড হাইজিন বিষয়ক ইউনিয়ন এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সাউথখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচনা করেন শিক্ষক শহিদুল ইসলাম খান, ইউপি সদস্য আলতাব হোসেন পান্না, হারুন অর রশীদ, জাকির হোসেন হাওলাদার, এমাদুল হক, রীনা বেগম, সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন খান প্রমুখ।