শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সুবিধা বাড়ছে

আগামী অর্থবছরের বাজেটে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেড় লাখ সুবিধাভোগী মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছেন। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় দুই লাখ। সনদ প্রাপ্তি সাপেক্ষে বাকি ৫০ হাজার মুক্তিযোদ্ধাকেও আগামী অর্থবছর থেকে ভাতা দেয়া হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী অর্থবছর থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-দের বর্ধিত হারে সম্মানী ভাতা বাড়ানোর জন্য কার্যক্রম শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কল্যাণ বিবেচনায় সরকারি সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ১১টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং ইতিমধ্যে ১০টি জেলায় এর বাস্তবায়ন শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে।