তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ
টাকা জরিমানা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:৪৫
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এর নেতৃত্বে বৃহস্পতিবার তিনটি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে তলব করে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ১০ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুরের পূর্ব চন্দ্রা, কালিয়াকৈরে অবস্থিত ফারঈস্ট নীটিং এন্ড ডাইং ইন্ডাঃ লিঃ-কে ৮ লাখ টাকা; পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ও ইটিপি ছাড়া ওয়াশিং কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের ঘটনায় ঢাকার রূপনগর, দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত ডেনিম ওয়াশিংকে ১ লাখ এবং চৌধুরী মার্কেট, কালিগঞ্জ বাজার, দক্ষিণ কেরানীগঞ্জ-এ অবস্থিত সেতু ওয়াশিং এন্ড ডাইংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।