সিলেটে টক অব দ্য টাউন-‘ডালিয়া’
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২২:০১
ডালিয়া নামে এক মহিলাকে নিয়ে সিলেট জুড়ে গত বৃহস্পতিবার তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী মাঠে আলোচনাটি ছিল ‘টক অব দ্য টাউন’। সিলেটের বিদায়ী মেয়র ও বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী পরিচয়দানকারী এই মহিলাকে নিয়েই যত কথা। তবে অনেকেই মনে করছেন নির্বাচনের সময় তার জনপ্রিয়তা নষ্ট করতে এ ধরনের কাজ করে থাকতে পারে। এ ব্যাপারে বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন ডালিয়া নামে কোন মেয়েকে তিনি চেনেন না। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিষয়টি নিয়ে ঢাকার পুলিশও বিপাকে। তারা মহিলার পরিচয় উদঘাটন করতে সচেষ্ট। এ সংক্রান্ত খবর ঢাকার একটি দৈনিকে প্রকাশ হলে সিলেট জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের মধ্যেই কৌতূহল বিষয়টি আসলে কতটুকু সত্য।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীতে সামান্য এক ঘটনাকে কেন্দ্র করেই যত বিপত্তি। মহাখালী পুলিশ বক্সের কাছে একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ-৩৫-০১৫৮) অপর একটি গাড়িকে চাপা দিলে তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দুই গাড়িচালকের মধ্যে বিতণ্ডা শুরু হলে ঘটনাস্থলে আসেন বনানী থানার এসআই জাকির। তিনি বিষয়টি জেনে গাড়িটি থানায় নিতে চাইলে চালক জানান, এ গাড়ির মালিক সিলেট সিটি মেয়রের স্ত্রী ডালিয়া সুলতানা হ্যাপি।
এরপর চালক মোবাইলে কল দিয়ে এসআই জাকিরকে কথা বলতে অনুরোধ করলে অপর প্রান্ত থেকে এক মহিলা নিজেকে মেয়র কামরানের স্ত্রী পরিচয় দিয়ে গাড়িটি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। পরে পুলিশ গাড়ির কাগজ জব্দ করে গাড়িটি ছেড়ে দিলেও এর মালিকানা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। কারণ ওই মহিলার নাম ডালিয়া হলেও গাড়ির কাগজে জাহানারা আলী, স্বামী হিসেবে আক্কেল আলীর নাম রয়েছে। এসআই জাকির জানান, ক্ষতিপূরণ দেয়ার পর চালক গাড়িটি নিয়ে গেছে। গাড়ির মালিক কে তা যাচাই করছে পুলিশ।