রাজধানীর সোয়ারিঘাট থেকে ২০ টন জাটকা জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে নয় জনকে জেল-জরিমানা করা হয়। গতকাল শুক্রবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ এ অভিযান পরিচালনা করে।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যেকোনো মাছধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা ধরে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। তিনি বলেন, সকালে রাজধানীর সোয়ারি ঘাটে মাছের আড়তে অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা সংরক্ষণ করে বিক্রি করার দায়ে নয় জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।