আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২২:৩৯
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফি বলেছেন আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন ঈমান আকিদা রক্ষার আন্দোলন। তিনি বিশ্বের সকল মানুষের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি শুক্রবার ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার দাওরায়ে হাদিস উপলক্ষে ৪১তম খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আখেরী মোনাজাতে এসব কথা বলেন। তিনি হেফাজত নেতা আল্লামা জুনাইদ বাবুনগরীর জন্যও দোয়া করেন। ওবাইদিয়ার মুহতামিম আল্লামা শাহ ছালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে মাওলানা শেখ আহাম্মদ, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা মইনউদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আনোয়ার আজাহারী, মাওলানা সিহাব উদ্দিন, মুফতি মাহমুদ উল্লাহ্, মাওলানা আবুল কালাম, মুফতি হোসাইন, মুফতি সওকত, মাওলানা লোকমান প্রমুখ উপস্থিত ছিলেন। আখেরী মোনাজাতে কয়েক হাজার মুসল্লী অংশ নেন। এক পর্যায়ে তাদেরকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।