ভারতের হিমাচলে বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

ভারতের হিমাচল প্রদেশের সারমাউর জেলার সাংরাহ তহসিলে শুক্রবার এক বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। বাসটি একটি গিরিখাতের পাঁচশ’ ফুট গভীরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। সারমাউরের এসপি সুমেধা দ্বিবেদী ঘটনাস্থল থেকে টেলিফোনে পিটিআইকে বলেন, বাসটি পুনরাধর থেকে সোলানে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। বাসটি স্থানীয় সময় সকাল ৭টার দিকে পুনরাধর ছেড়ে যায় এবং কয়েক মিনিট পর দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপর অনেক গ্রামবাসী সেখানে যায় এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধার কাজে সহায়তা করে। এঘটনায় আহতদের সোলান ও রাজগড় হাসপাতালে নেয়া হয়। হতাহতদের অনেকে সোলান ও রাজগড় কলেজে পড়ুয়া শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।