পাকিস্তানে ২৫ সদস্যের মন্ত্রিসভার শপথ

পাকিস্তানে ২৫ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। এদের মধ্যে ১৬ জন মন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। গতকাল শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কয়েকজনের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। খবর দ্য ডনের। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত বুধবার শপথ নেন। গতকাল মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন চৌধুরী নিসার আলী খান (স্বরাষ্ট্রমন্ত্রী), পারভেজ রশীদ (তথ্যমন্ত্রী), ইশাক দার (অর্থমন্ত্রী), খাজা মুহাম্মদ আসিফ (পানি ও বিদ্যুত্মন্ত্রী), শহীদ খাকন আব্বাসী (পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ), আহসান ইকবাল (তথ্য প্রযুক্তি), জাহিদ হামিদ (আইনমন্ত্রী), আবদুল কাদির বেলুচ, খাজা সাদ রফিক, রানা তানভীর, জাহিদ হামিদসহ ১৬ জন। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন খুররাম দস্তগীর (বাণিজ্য প্রতিমন্ত্রী), আনুশা রেহমান, উসমান ইব্রাহিম, জ্যাম কামাল, আবদুল হাকিম বেলুচসহ ৯ জন। শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী, স্পিকার আয়াজ সাদিক এবং সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি উপস্থিত ছিলেন।