তিন পার্বত্য জেলায় রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল

পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে আগামী ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনসহ ৫টি বাঙালি সংগঠন। গতকাল দুপুরে রাঙ্গামাটি শহরের স্থানীয় একটি হোটেলে ৫ বাঙালি সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মশিউল আলম হুমায়ুন, মো. ইউনুছ, পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক বেগম নূর জাহান। সংবাদ সম্মেলনে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য যুব ফ্রন্টের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মন্ত্রী পরিষদের সভায় পার্বত্য ভূমি কমিশন আইন নীতিগতভাবে খসড়া সংশোধনী প্রস্তাব পাস হওয়ার প্রতিবাদে ২ জুন রবিবার রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনসহ ছয়টি বাঙালি সংগঠন।